সম্প্রতি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মানবিক সহায়তা কার্যক্রমকে প্রসারিত ও গতিশীল করতে প্রথমবারের মত যাত্রা শুরু করলো ডিজিটাল ডোনেশান প্ল্যাটফর্ম। বৃহস্পতিবার দুপুরে জাতীয় সদর দপ্তরে প্ল্যাটফর্মের উদ্বোধন করেন সোসাইটির চেয়ারম্যান মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) এটিএম আবদুল ওয়াহ্হাব। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোসাইটির ভাইস চেয়ারম্যান নুর-উর-রহমান ও ট্রেজারার এম এ ছালাম।
দেশে সংঘটিত বিভিন্ন প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবেলাসহ সকল মানবিক সহায়তা কার্যক্রমে বাংলাদেশ সরকারের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে দীর্ঘদিন ধরে সুনামের সাথে কাজ করছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। প্রথমবারের মত মানবিক এ কার্যক্রমে সাধারণ মানুষের অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করলো রেড ক্রিসেন্ট।
প্ল্যাটফর্মের উদ্বোধনকালে সোসাইটির চেয়ারম্যান বলেন, “করোনা মহামারীর সময় দেশ-বিদেশের বিভিন্ন ব্যাক্তি ও প্রতিষ্ঠান মানবিক ও আর্থিক সহায়তা দিয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পাশে দাঁড়িয়েছে। তাদের এসব অনুদান করোনাকালীন অসহায় ও দরিদ্র মানুষের খাদ্য, আশ্রয় ও চিকিৎসা সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে যারা নিয়মিত সহায়তা করতে চান, তাদের জন্যই সোসাইটির এই উদ্যোগ। ডিজিটাল এই প্ল্যাটফর্মের মাধ্যমে সোসাইটি যে অনুদান সংগ্রহ করবে, তা ব্যয় হবে সেসব ঝুঁকি কবলিত মানুষের জীবন ও জীবিকার উন্নয়নে।” এছাড়াও তিনি পিছিয়ে পরা ও দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নে সমাজের বিত্তবানদের এগিয়ে আসারও আহ্বান জানান।
এই প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের ভেতরের এবং বাইরের যেকোন ব্যক্তি বা প্রতিষ্ঠান রেড ক্রিসেন্টের আর্ত মানবতার সেবায় অবদান রাখার সুযোগ পাবেন। ডিজিটাল ডোনেশেন প্ল্যাটফর্মে বিকাশ ছাড়াও বিভিন্ন ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহার করে যেকোন পরিমাণ অর্থ সহায়তা প্রদান করা যাবে। এছাড়া সোনালী ব্যাংকের মগবাজার শাখায় সোসাইটির তহবিল সংগ্রহকারী একাউন্টে সরাসরি চেক অথবা অনলাইন ব্যাংকিং এর মাধ্যমেও দেয়া যাবে আর্থিক অনুদান।
এ জন্য আগ্রহী দাতা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ওয়েবসাইটের ডোনেট অপশনে গিয়ে কোন মাধ্যমে অনুদান দিতে চান তা বাছাই করে প্রয়োজনীয় তথ্য দিয়ে আর্থিক অনুদান প্রদান করতে পারবেন। দাতা যে খাতে সহায়তার জন্য অনুদান দিতে চান সোসাইটি তার প্রেরিত অর্থ সেই খাতেই ব্যয় করবে। এছাড়াও বিকাশ অ্যাপ এর পেমেন্ট অপশনে গিয়ে নির্ধারিত কিউ আর কোড স্ক্যান করে খুব সহজেই করা যাবে অর্থ সহায়তা।
সোসাইটির তহবিল সংগ্রহ বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পর্ষদের সম্মানিত সদস্যবৃন্দ, আইএফআরসি ও পার্টনার সোসাইটির প্রতিনিধিবৃন্দ এবং সোসাইটির বিভিন্ন বিভাগের কর্মকর্তারা। অনলাইন এই প্ল্যাটফর্মের কারিগরি সহায়তা দিতে সোসাইটির সাথে কাজ করছে এসএসএল কমার্স এবং ওয়েব টেকনোসফট।